ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৪

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। 

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর বাজারে এ সংঘর্ষ হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অ্যাডভোকেট হাবিবুর রহমান লাভলু ও ছরোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেল ৪টার দিকে ছরোয়ার হোসেনের সমর্থক মো. টুকু মাতুব্বর সোনাপুর বাজারে গেলে লাভলুর সমর্থকদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে মারধরের ঘটনাও ঘটে।

পরে টুকু মাতুব্বরকে মারধরের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন সোনাপুর বাজারে জড়ো হতে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি হয়। এতে অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত কয়েকজনকে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম জানা যায় নি।

সংঘর্ষের খবর পেয়ে সালথা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ উপস্থিত হওয়ার পর দুই পক্ষের লোকজন সরে গেলে পরিস্থিতি শান্ত হয়।

এ ঘটনায় অ্যাডভোকেট হাবিবুর রহমান লাভলু ও ছরোয়ার হোসেনের বক্তব্য জানতে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অ্যাডভোকেট হাবিবুর রহমান লাভলু ও ছরোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 
ইত্তেফাক/এমএসআর