এশিয়ান গেমস ক্রিকেট, বাংলাদেশের সূচি প্রকাশ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২

এশিয়ান গেমসে ক্রিকেটে বাংলাদেশের লক্ষ্য এবারও পদক। তবে গতবারের ব্রোঞ্জ এবার আর যথেষ্ট নয়। লক্ষ্য আরও ওপরে। পুরুষ ও নারী, দুই দলই সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করবে নিজেদের অভিযান। অর্থাৎ শুরুতেই নকআউটের চাপ। একটি ম্যাচেই ঠিক হবে পরের পথ। জিতলে সেমিফাইনাল। হারলেই শেষ হয়ে যাবে পদকের স্বপ্ন। 

এশিয়ান ক্রিকেট কাউন্সিল আসন্ন এশিয়ান গেমসের পুরুষ ও নারী ক্রিকেটের সূচি প্রকাশ করেছে। ১৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়ায় হবে ক্রিকেটের ম্যাচগুলো। সব ম্যাচই হবে টি-টোয়েন্টি সংস্করণে। ভেন্যু পালোমা মিজুহো স্টেডিয়াম।

বাংলাদেশের এশিয়ান গেমস ক্রিকেট অভিযান শুরু হবে নারী দলকে দিয়ে। ১৭ সেপ্টেম্বর সকাল ৯টায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। একই দিন পাকিস্তান খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। পরদিন মাঠে নামবে শ্রীলঙ্কা ও মালয়েশিয়া। একই দিন মুখোমুখি হবে ভারত ও জাপান। চীনের বাধা পেরোতে পারলে ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। এরপর ২২ সেপ্টেম্বর হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ ও ফাইনাল।

পুরুষ ক্রিকেটে বাংলাদেশের অভিযান শুরু হবে ২৮ সেপ্টেম্বর। সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়া বাংলাদেশ খেলবে 'বি' গ্রুপের সেরা দলের বিপক্ষে। একই দিন পাকিস্তান মুখোমুখি হবে 'বি' গ্রুপের দ্বিতীয় সেরা দলের। ভারত খেলবে 'এ' গ্রুপের রানার্সআপের বিপক্ষে। ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা খেলবে 'এ' গ্রুপের সেরা দলের বিপক্ষে। ১ অক্টোবর হবে সেমিফাইনালের লড়াই। শেষ চার থেকে ফাইনালে উঠতে পারলে বাংলাদেশের সামনে থাকবে সোনার পদকের সুযোগ। আর হারলে খেলতে হবে ব্রোঞ্জের জন্য। ৩ অক্টোবর সকাল ৯টায় হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ। একই দিন দুপুর ২টায় হবে ফাইনাল।

ইত্তেফাক/জেডএইচ