৭ রানে ৬ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন পাকিস্তানের নাশরা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮

নারী এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাস গড়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নাশরা সান্ধু। মাত্র ৭ রান খরচায় ৬ উইকেট নিয়ে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন ২৮ বছর বয়সী এই স্পিনার।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুবাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচে চার ওভার বোলিং করে ৭ রান দিয়ে ৬ উইকেট নেন নাশরা। পুরুষ ও নারী দুই দল মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের কোনো বোলারের এক ম্যাচে ছয় উইকেট নেওয়ার ঘটনা এটাই প্রথম। তথ্য জিও সুপারের।

এই বোলিংয়ের সুবাদে পাকিস্তানের টি-টোয়েন্টি ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ডও নিজের করে নিয়েছেন নাশরা। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন পাকিস্তানের পুরুষ দলের স্পিনার সুফিয়ান মুকিম। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে ২.৪ ওভারে মাত্র ৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

পাকিস্তানের নারী ক্রিকেটে সেরা বোলিংয়ের তালিকাতেও শীর্ষে উঠে এসেছেন নাশরা। 

পাকিস্তানের নারী ক্রিকেটে সেরা বোলিং
নাশরা সান্ধু — ৬/৭, ৪ ওভার বনাম হংকং, দুবাই
ওমাইমা সোহেল — ৫/১৩, ৪ ওভার বনাম শ্রীলঙ্কা, সিলেট
নিদা দার — ৫/২১, ৪ ওভার বনাম শ্রীলঙ্কা, কুয়ালালামপুর
নিদা দার — ৪/৫, ৩.৪ ওভার বনাম মালয়েশিয়া, কুয়ালালামপুর
সাদিয়া ইউসুফ — ৪/৯, ৪ ওভার বনাম আয়ারল্যান্ড, ডাবলিন

পাকিস্তানের টি-টোয়েন্টি ইতিহাসে সেরা বোলিং
নাশরা সান্ধু — ৬/৭, ৪ ওভার বনাম হংকং, দুবাই
সুফিয়ান মুকিম — ৫/৩, ২.৪ ওভার বনাম জিম্বাবুয়ে, বুলাওয়ে
উমর গুল — ৫/৬, ৩ ওভার বনাম নিউজিল্যান্ড, দ্য ওভাল
উমর গুল — ৫/৬, ২.২ ওভার বনাম দক্ষিণ আফ্রিকা, সেঞ্চুরিয়ন
ইমাদ ওয়াসিম — ৫/১৪, ৪ ওভার বনাম ওয়েস্ট ইন্ডিজ, দুবাই

নাশরার ঘূর্ণিতে মাত্র ৭১ রানেই গুটিয়ে যায় হংকংয়ের ইনিংস। ১৯ ওভারে অলআউট হয়ে যায় দলটি। হংকংয়ের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন কারি চ্যান। ৪৭ বলের ইনিংসে তিনি চারটি চার মারেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন শাওয়াল জুলফিকার। ৩৫ বলে তার ইনিংসে ছিল ছয়টি চার। এ ছাড়া আয়েশা জাফর ২৬ এবং অধিনায়ক ফাতিমা সানা করেন ২৪ রান।

শেষ পর্যন্ত ৭২ রানের বড় জয় নিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। দ্বিতীয় সেমিফাইনালে আগামী ১১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।

ইত্তেফাক/এসজে