সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্র

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২০:৫৯

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গত বছরের মাঝামাঝিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। সেখানে আবেদনকারীদের পরীক্ষার কেন্দ্র হিসেবে দেশের আটটি বিভাগীয় শহরকে বাছাই করে পছন্দ অনুযায়ী কেন্দ্র নির্বাচন করতে বলা হয়। সে মোতাবেক অনেক প্রার্থী তাঁদের পছন্দ অনুযায়ী পরীক্ষা কেন্দ্র নির্বাচন করে আবেদন ফরম পূরণ করেছেন। কিন্তু বর্তমানে সেই নিয়োগ পরীক্ষা বিভাগীয় শহরগুলো এবং আবেদনকারীদের পছন্দ করা কেন্দ্র ছাড়া শুধু ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৬ সেপ্টেম্বর। এ তো আবেদনকারীদের সঙ্গে প্রতারণা! আবেদন ফি ৭০০ টাকা দিয়ে প্রত্যেক প্রার্থীই আবেদন করেন। এখন শুধু ঢাকা কেন্দ্রে পরীক্ষা হওয়ার কারণে অনেক প্রার্থী এ নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবে না। যদিও প্রত্যেক প্রার্থীই তাঁর পছন্দ অনুযায়ী কেন্দ্র নির্বাচন করেছিলেন।  বিষয়টির প্রতি সংশি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিনীতভাবে আবেদন জানাচ্ছি যে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা দেশের আটটি বিভাগীয় শহরে প্রার্থীদের পছন্দের কেন্দ্রে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়।

মো. আবু তাহের মিয়া

পীরগঞ্জ, রংপুর