কুমিল্লার বরুড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী দুই যমজ কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- জুনাইরা ও তাসলিমা। তারা কাছিয়াপুকুরিয়া গ্রামের জসীম উদ্দিনের জমজ মেয়ে। বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ ডা. জহিরুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দেড় বছর বয়সী জমজ দুই শিশু পুকুর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে পুকুরে পড়ে যায় দু'জন। পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানি থেকে তাদেরকে উদ্ধার করে। পরে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. জহিরুল ইসলাম জানান, জমজ দুই শিশুকে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। হাসপাতালে আনার আগেই তারা মৃত্যুবরণ করেছে।
বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক জানান, জমজ দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

