পাবনা সাঁথিয়ার মিয়াপুর মিনারপাড়া এলাকার একটি পুকুর থেকে আব্দুল আজিজ (৫৫) নামে এক পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মিয়াপুর মিনারপাড়া এলাকার মানিকের পুকুরে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
নিহত আব্দুল আজিজ ক্ষেতপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের সেকেন সরদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার এশার নামাজের পর বাড়ি থেকে বের হয় আব্দুল আজিজ। পরে আর তিনি বাড়িতে ফিরে আসেনি। আজ সকাল ৯ টার দিকে মিয়াপুর মিনারপাড়া এলাকায় মানিকের পুকুরে মাছের খাবার দিতে গিয়ে মরদেহ ভাসতে দেখে সাঁথিয়া থানা পুলিশকে খবর দেয় পুকুর মালিক।
এদিকে এই খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। এসময় স্থানীয়রা আজিজের মরদেহটি বলে সনাক্ত করে।
এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুকুর থেকে আজিজ নামের এক ব্যক্তির জবাই করা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অতি দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

