গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৫

গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনায় অনুষ্ঠানটির আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সোমবার রাতে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে কনসার্টের আয়োজন করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়াল। অনুষ্ঠানে গায়ক নোবেলের গান পরিবেশনের আগে উপস্থিত কয়েকজন দর্শক শেখ হাসিনার নামে স্লোগান দেন।

ঘটনার পর ওই রাতেই পিয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর হাফিজুর রহমান পিয়ালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 
ইত্তেফাক/এসএ