সরকারি চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:৪৪

সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচি থেকে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতের দাবি জানিয়ে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রনেতারা।

মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ডাকসুর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ডাকসু ভবনের সামনে ‘নির্ভীক জুলাই স্মৃতিস্তম্ভ’ প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘ভাইভার নামে প্রহসন চলবে না’, ‘নিয়োগ নিয়ে বাণিজ্য চলবে না’ এবং ‘মেধার ভিত্তিতে চাকরি চাই’সহ বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানান।

সমাবেশে ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, তথাকথিত ‘ভাইভা কার্ড’ ও ভাইভায় অতিরিক্ত নম্বর বরাদ্দের মাধ্যমে নিয়োগের প্রক্রিয়া মেধাভিত্তিক ব্যবস্থার ওপর চরম আঘাত। সরকারি চাকরিতে নিয়োগ হতে হবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে, কোনো ধরনের প্রভাব বা বিশেষ সুবিধার জোরে নয়। তিনি সতর্ক করে বলেন, ভাইভাকে যদি দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়, তবে লাখ লাখ বেকার তরুণ চরম বঞ্চনার শিকার হবেন। সরকার দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে সারা দেশের ক্যাম্পাসগুলোতে দাবানলের মতো তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ সমাবেশে বলেন, ভাইভায় নম্বর বাড়িয়ে কোটা বা দলীয়করণের চেষ্টা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না। জুলাই গণ-অভ্যুত্থানের পূর্ববর্তী বৈষম্যমূলক নিয়োগব্যবস্থার পুনরাবৃত্তি করা হলে তার জবাব রাজপথেই দেওয়া হবে। বেকার তরুণদের অধিকার ক্ষুণ্ন করে নিয়োগ-বাণিজ্যের পথ তৈরির চেষ্টা প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করে দ্রুত মেধাভিত্তিক নিয়োগ কাঠামো বহাল রাখার দাবি জানান তিনি।

ইত্তেফাক/এনএন