ব্যাটারদের চরম ব্যর্থতার দিনে দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত অঘোষিত কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৫৫ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলের ইনিংস ১০০ পার করেন শারমিন আক্তার সুপ্তা। একাদশে ফিরে ৩১ বলে ৩ চারে ৩৮ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। এছাড়া শেষদিকে নাহিদা আক্তারের ২৬ বলে ১৬ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেটে ১০৩ রানের পুঁজি পায় টাইগ্রেসরা। আমিরাতের পক্ষে সুরক্ষা কোটি ১১ রানে নেন ৩টি উইকেট।
ছোট পুঁজি নিয়ে ডিফেন্ড করতে নেমে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হন বাংলাদেশি বোলাররা। মাত্র ১৫ রানে ২ উইকেট হারিয়ে পাওয়ার প্লের সুবিধা নিতে ব্যর্থ হয় স্বাগতিক আরব আমিরাত। মারুফা আক্তারের জোড়া আঘাতের পর রাবেয়া খাতুন ও নাহিদা আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আমিরাত। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৬৯ রানে থামে তাদের ইনিংস। বাংলাদেশের পক্ষে মারুফা মাত্র ৯ রান খরচ করে ২টি এবং রাবেয়া খাতুন ১৪ রান দিয়ে নেন ৩টি উইকেট।
এই জয়ে এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী ১০ সেপ্টেম্বর একই মাঠে প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা।

