পাঠ্যবইয়ে আসছে জুলাই গণঅভ্যুত্থান ও শেখ হাসিনা সরকারের কর্মকাণ্ড: সংসদে শিক্ষামন্ত্রী

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯

জুলাই গণঅভ্যুত্থান, গণহত্যা এবং শেখ হাসিনা সরকারের শাসনামলের নানা বিষয় ২০২৭ শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার সরকারের উদ্যোগের কথা জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, জুলাই শহিদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমের প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রীর অনুপস্থিতিতে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংসদে তার পক্ষে উত্তর দেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানের কারণ, ঘটনাপ্রবাহ, গণহত্যা, শহিদদের আত্মত্যাগ, নারীদের ভূমিকা এবং অভ্যুত্থানের ঐতিহাসিক তাত্পর্য তুলে ধরা হবে। নবম-দশম শ্রেণির ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ পাঠ্যপুস্তকেও আওয়ামী লীগের শাসনামলের বিভিন্ন ঘটনা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গুম, গণহত্যা, অর্থ পাচার, নির্বাচন ব্যবস্থা ধ্বংস, পিলখানা ট্র্যাজেডি, সাংবাদিক হত্যা ও গণমাধ্যমে হস্তক্ষেপ। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট পাঠ্যপুস্তকে এসব বিষয়ে পড়বে।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৬-৩১ মেয়াদে ইবতেদায়ি মাদ্রাসাসহ দেশের সব মাদ্রাসায় মিড ডে মিল চালুর পরিকল্পনা সরকারের রয়েছে। এছাড়া প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে অফিস সহকারী দেওয়ার প্রস্তাব রয়েছে। এদিকে, সিরাজগঞ্জ-৪ আসনের জামায়াতের সদস্য রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশে নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ৮৭৩টি। এসব বিদ্যালয় সরকারিকরণের কোনো পরিকল্পনা আপাতত নেই।

গাজীপুর-৪ আসনের জামায়াতের এমপি সালাহ উদ্দিনের প্রশ্নের জবাবে জানানো হয়, বর্তমানে প্রাথমিক স্তরে শিক্ষার্থী ঝরে পড়ার হার ১৬ দশমিক ২৫ শতাংশ। ঝরে পড়া কমাতে ‘স্কুল ফিডিং’, উপবৃত্তিসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার। শিক্ষামন্ত্রী আরো বলেন, দেশের সব কিন্ডারগার্টেন স্কুলকে নিবন্ধনের আওতায় আনার কার্যক্রম চলছে।

ইত্তেফাক/এনএন