পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) অজ্ঞাতনামা এক ই-মেইল এসেছে। সেখানে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট দল সন্ত্রাসী হামলার হুমকির মুখে আছে। পিসিবি দেরি না করে সেই মেইল পাঠিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে। ভারতীয় দল এখন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ খেলতে ব্যস্ত। এই অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছে বোর্ড। বোর্ডের একটা সূত্র জানিয়েছে, মেইলে ভারতীয় ক্রিকেটারদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাহুল জোহরি জানিয়েছেন, ‘ওয়েস্ট ইন্ডিজে অবস্থানরত ভারতীয় ক্রিকেট দলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই ব্যাপারে আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছি।’
