‘অনুশীলনের জন্য ৯ দিনই যথেষ্ট’

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২১:০৭

বাংলাদেশ ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমি ডে জানিয়েছেন পারফরম্যান্স দেখেই জাতীয় দলের খেলোয়াড় চূড়ান্ত করা হয়েছে। গতকাল ঢাকায় ফিরে জেমি এও জানান যে গত ১৪ মাস খেলোয়াড়দের দেখেছেন তিনি। জেমি ডে গতকাল সন্ধ্যায় ধানমন্ডিতে বাফুফের সহসভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিলের অফিসে কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। সেখানে সিদ্ধান্ত হয় ২৩ আগস্ট জাতীয় দলের অনুশীলন শুরু হবে। ১ সেপ্টেম্বর তাজিকিস্তান যাবে ফুটবল দল।

ব্রিটিশ এই কোচ এরপর সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। দুই মাসের ছুটি শেষে গতকাল সকালে ঢাকায় ফেরা জেমি এ সময় নানা সমালোচনার জবাব দেওয়ার পাশাপাশি দাবি করেন তার কোনো ক্লাব প্রীতি নেই। কারো কথায় নয় ভবিষ্যত্ ভেবেই দল গড়া হয়েছে।

কাতার বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবল দ্বিতীয় রাউন্ডের বাছাইয়ে বাংলাদেশ গ্রুপ পর্বের ম্যাচ খেলতে তাজিকিস্তান যাবে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তানের হোম। দু’দলের এ খেলাটি ১০ সেপ্টেম্বর, দুসানবের সেন্ট্রাল স্টেডিয়ামে হবে। তার আগে সেখানে কন্ডিশনিং ক্যাম্প করবেন জেমি ডে। এ জন্য ১ সেপ্টেম্বর দল ঢাকা ছাড়তে চান তিনি।

আফগানিস্তানের মুখোমুখি হওয়ার আগে ৩ ও ৫ সেপ্টেম্বর ক্লাব ফুটবল দলের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে। বর্তমানের ২৫ জনের প্রাথমিক দলটি নয়দিনের অনুশীলন শেষে  ২৩ জনে নামবে। এত কম সময়ের অনুশীলন প্রসঙ্গে তার মত, ‘অনুশীলনের জন্য এই কয়টা দিনই যথেষ্ট।’

‘ই’ গ্রুপে বাংলাদেশের অপর প্রতিপক্ষগুলো হচ্ছে ওমান, ভারত ও কাতার।  

কোচ জেমি বলেন, ‘যদিও এই গ্রুপটা কঠিন। প্রতিটি দলই র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। আমরা সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবছি। আমরা সব ম্যাচ জিততে চাই।’

তিনি আরো বলেন, ‘এটা ভালো এবং তারুণ্য ও অভিজ্ঞতায় মেশা একটা দল। যাদের ভালো মনে হয়েছে তাদেরকেই দলে নিয়েছি। আমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে। আবাহনীর ডিফেন্ডার তপু আনফিট। লিগামেন্ট ছিঁড়ে গেছে। তার জায়গায় আমি তরুণদের ওপর ভরসা রাখছি।’

প্রথম ম্যাচ নিয়েই কোচের সব চিন্তা। জেমি বলেন, ‘যদিও প্রতিপক্ষ আফগানিস্তান কঠিন দল। আমরা লড়াই করব। আফগানদের কথা মাথায় রেখে খেলোয়াড় বাছাই করেছি।’ ইমন বাবু প্রসঙ্গে কোচ বলেন,‘ ইমন আগে পারফরম্যান্স করুক তারপর জাতীয় দল।’

বাংলাদেশের খেলোয়াড়রা ঘাসের মাঠে খেলে অভ্যস্ত। তাই অনুশীলনের পুরো সময়টা কাটাবে কমলাপুর স্টেডিয়ামে। তাজিকিস্তানে গিয়েও বাংলাদেশকে টার্ফ ভাড়া নিয়ে অনুশীলন করতে হবে।