চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। দলের উন্নতিতে সন্তুষ্ট কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড জানালেন, ভালো ফলাফল এনে দিতে আরো কিছু সময়ের প্রয়োজন তার দলের। রবিবার রাতে নিজেদের মাঠে প্রথমার্ধে তরুণ ফরোয়ার্ড ম্যাসন মাউন্টের গোলে এগিয়ে গিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে লেস্টার মিডফিল্ডার উইলফ্রেড এনদিদির গোলে সমতা ফেরে ম্যাচে। ফলে কোচ হিসেবে তৃতীয় ম্যাচেও জয়ের দেখা মেলেনি ল্যামপার্ডের।
নিজের কৌশলকে ফলদায়ী হতে আরও কিছুদিন সময় দিতে চান ল্যাম্পার্ড। তিনি বলেন, ‘আমি মনে করি এটা ক্রমেই বিকাশ লাভ করবে। আমি এমনটাই আশা করছি। কেননা, সব সময়ই উন্নতির কথাটা ভাবতে হবে আপনার। নিজেদের এক রেসের ঘোড়া হিসেবে দেখতে চাই না আমি। আমি চাইব আমার দল ম্যাচে ভিন্ন ভিন্ন শক্তি নিয়ে মাঠে নামুক।’
