মাগুরার মহম্মদপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এই দুর্ঘটনায় মো. জয়নাল (৩৫) নামে এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার খলিশাখালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল ঠাকুরগাঁও জেলার বলদিবাড়ি গ্রামের বাসিন্দা।
পল্লীবিদ্যুৎ সূত্রে জানা গেছে, তিনি রাজাপুর পল্লী বিদ্যুতের ফিডারে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, খলিশাখালী গ্রামে পল্লী বিদ্যুতের কাজ করতে যাচ্ছিলেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। এসময় পল্লী বিদ্যুতের একটি নসিমন (তিন চাকার গাড়ি) নিয়ে তারা রওনা হন। পথে গাড়িটির চাকা ভেঙে নিয়ন্ত্রণ হারায়। এসময় গাড়িতে থাকা বৈদ্যুতিক খুঁটির তার (ক্যাবল) জয়নালের বুকের ওপর পড়ে এবং গুরুতর আহত হন তিনি।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর থানার ওসি এস এম শামীম আহম্মেদ জানান, থানায় অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

