প্রথম ছয় আসরের পর নতুন করে এবার আবার যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবার সবগুলো দলের সাথে নতুন করে চুক্তি করবে বিসিবি। পুরোনো দলগুলোর মধ্যে চিটাগং ভাইকিং থাকছে না। যোগ হচ্ছে দুটো নতুন দল। ফলে পুরোনো দল থাকছে ছয়টি। আর এই ছয়টি দলের সাথেই গতকাল পর্যায়ক্রমে আলোচনা শুরু করেছে বিসিবি। দলগুলোর পক্ষ থেকে বলা হলো, সামনের চার বছর কীভাবে চলবে বিপিএল এই নিয়েই হয়েছে আলোচনা।
গতকাল আলোচনায় অংশ নিয়েছে ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। এই ধারাবাহিকতায় রংপুর রাইডার্স, সিলেট সিক্সার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথেও আলোচনা হওয়ার কথা।
খুলনা টাইটান্সের পক্ষ থেকে কাজী এনাম আলোচনার বিষয়ে বললেন, ‘সামনের চার বছরটা কীভাবে সুন্দর করা যায় এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমাদের মূলত দুটি পয়েন্ট ছিল। আমরা চাই, এই টুর্নামেন্টটা টেকসই হোক। মিডিয়াতেও এসেছে বছরকে বছর দেখি অনেক মালিক পরিবর্তন হয়। আমরা চাই সেটা যাতে না হয়।’
ঢাকা ডায়নামাইটসের পক্ষ থেকে প্রধান নির্বাহী ওবায়েদ নিজাম বলছিলেন, ‘একটা সাইকেল শেষ হয়েছে বিসিবির; তো নতুন সাইকেলের জন্য ওরা আমাদের আমন্ত্রণ জানিয়েছে, আমরা এসেছি। তারা জানতে চেয়েছে আমরা কি চাচ্ছি। আমরা সেটা জানিয়ে দিয়েছি, ঢাকা ডাইনামাইটসের মালিক হিসেবে। এরপরেও অনেক নিয়ম কানুনে পরিবর্তন আসবে বলে তারা বলেছে, পুরোপুরি তো জানি না,এখনো বিস্তারিত কিছু পাইনি।’
