অর্ডার করেছিলেন অ্যান্ড্রয়েড ডিভাইস, পার্সেল খুলে পেলেন গোবর

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৫

অনলাইনে ১ হাজার ৯৯৯ রুপির অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার করেছিলেন ভারতের এক বাসিন্দা। নির্ধারিত সময়েই কুরিয়ারে পৌঁছায় পার্সেল। কিন্তু বাক্স খুলতেই তার চোখ কপালে—ভেতরে নেই কাঙ্ক্ষিত ডিভাইস, রয়েছে গোবরের সার!

ঘটনাটি ঘটেছে ভারতের দানকৌর থানার এলাকার বাসিন্দা আকাশ নগরের সঙ্গে। কয়েক দিন আগে কাজের প্রয়োজনে একটি অনলাইন ওয়েবসাইট থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসটি অর্ডার করেন তিনি। অর্ডারের সময়ই অনলাইনে পুরো ১ হাজার ৯৯৯ রুপি পরিশোধ করেছিলেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কুরিয়ারযোগে পার্সেলটি আকাশের বাড়িতে পৌঁছায়। অর্ডার করা পণ্য হাতে পাওয়ার আশায় বাক্স খুলেছিলেন তিনি। কিন্তু ভেতরে ডিভাইসের পরিবর্তে দেখতে পান গোবরের সার ভর্তি একটি প্যাকেট।

ঘটনাটি বুঝতে পেরে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেন আকাশ। পাশাপাশি সাইবার ক্রাইম পুলিশের কাছেও অভিযোগ জানিয়েছেন তিনি। প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এই ভুক্তভোগী।

আকাশ নগর বলেন, ‘আমি ১ হাজার ৯৯৯ রুপির একটি ডিভাইস অর্ডার করেছিলাম, কিন্তু তার বদলে গোবরের সার ভর্তি একটি প্যাকেট পেয়েছি।’

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। যে ওয়েবসাইট থেকে আকাশ পণ্যটি কিনেছিলেন সেটি বৈধ কি না, অনলাইনে অর্থ পরিশোধের তথ্য এবং কুরিয়ারের মাধ্যমে পার্সেলটি কীভাবে পাঠানো হয়েছে—এসব বিষয় যাচাই করা হচ্ছে। প্রতারণাটি শুধু অর্ডার নেওয়ার পর্যায়ে ঘটেছে, নাকি পণ্য পাঠানোর ক্ষেত্রেও অন্য কেউ জড়িত ছিল, তা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা চলছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, অনলাইনে পণ্য কেনার আগে বিক্রেতা ও ওয়েবসাইটের পরিচয় যাচাই করা জরুরি। সম্ভব হলে প্রতিষ্ঠানের নিজস্ব বা স্বীকৃত ওয়েবসাইট ব্যবহার করা এবং নিরাপদ পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করে অর্ডার করা উচিত।

অস্বাভাবিক কম দাম, অপরিচিত ওয়েবসাইট কিংবা অযাচাই করা তৃতীয় পক্ষের বিক্রেতার কাছ থেকে কেনাকাটার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। পণ্য হাতে পাওয়ার পরও প্যাকেট, অর্ডারের তথ্য ও পেমেন্টের প্রমাণ সংরক্ষণ করা নিরাপদ।

 

 
ইত্তেফাক/এসএ