ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ব্যবহার করে কথিত ‘কালো জাদু’ করার চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দেশটির পুলিশ। একই সঙ্গে ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) স্থানীয় পুলিশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি উত্তর প্রদেশের মৌ জেলার দোহরিঘাট থানা এলাকার। ভিডিওতে সরযূ নদীর তীরে একটি শ্মশানের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি রাখা অবস্থায় দেখা যায়। ছবিটির চারপাশে নারকেল, লেবু ও কমলা রঙের গুঁড়াসহ বিভিন্ন আচার-অনুষ্ঠানে ব্যবহৃত সামগ্রী সাজানো ছিল।
ভিডিওটি পুলিশের নজরে আসার পরই অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি সাইবার সেলের সহায়তায় ভিডিওটির উৎস শনাক্ত এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ শুরু করে পুলিশ।
ঘোষী এলাকার সার্কেল অফিসার সত্যেন্দ্র ভূষণ তিওয়ারি জানান, শনিবার দোহরিঘাট থানায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
কারা নদীর তীরে প্রধানমন্ত্রীর ছবি ও এসব সামগ্রী রেখেছিল এবং কী উদ্দেশ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
