সরকারি চাকরির নিয়োগের ভাইভায় (মৌখিক পরীক্ষা) নাম্বার বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, চাকরি নিয়োগে দুর্নীতি বন্ধের কথা বলা হলেও এখন ভাইভায় নম্বর ৪০০-তে বাড়ানোর চেষ্টা চলছে। যদি সবার সঙ্গে আলোচনা না করেই নম্বর বাড়ানো হয় তাহলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি নেওয়া হবে। হাসিনা দিল্লি গিয়েছে, তারা কোথায় যাবে তাও জানেন না।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তি আয়োজিত বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির উদ্যোগে কীর্তনখোলা মিলনায়তনে নাহিদ ইসলাম আরও বলেছেন, বাক স্বাধীনতার কথা বলা হলেও সরকার সমালোচনার নামে শতাধিক গ্রেপ্তার করেছে। এসময় তিনি জুলাই গণঅভ্যুত্থানকে ধারণে সবাইকে আাহ্বান জানান।
তিনি বলেন, জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না।
এসময় আরও বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চল মূখ্য সমন্বয়ক সাকরজিস আলমসহ অন্যান্যরা। সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রশক্তি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোহাম্মদ বেলাল। সভায় জুলাই ৩৬ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

