রাশেদ খাঁন

স্বতন্ত্র রাজনীতি করলে আগামী নির্বাচনে এনসিপির প্রধান বিরোধীদল হওয়ার সম্ভাবনা থাকবে

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪৪

আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। জামায়াতের সঙ্গে জোট থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র রাজনীতি করার প্রাথমিক সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ জানান তিনি।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, এনসিপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি আনুষ্ঠানিক ঘোষণা না এলেও দলটি শিগগিরই জামায়াতের জোট ছাড়তে পারে। শুক্রবার এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি এবং আসিফ মাহমুদের বক্তব্যেও সেই ইঙ্গিত স্পষ্ট হয়েছে বলে মনে করেন তিনি। তার ভাষ্য, ওই কর্মসূচিতে ৩১ অক্টোবরের লংমার্চের পক্ষে তেমন কোনো বক্তব্য চোখে পড়েনি।

রাশেদ খাঁনের মতে, দীর্ঘদিন পর এনসিপির গণবিক্ষোভে কয়েক হাজার মানুষের উপস্থিতি দলটির স্বতন্ত্র রাজনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত। জামায়াতের সঙ্গে জোট গঠনের পর এনসিপির কর্মসূচিগুলোতে উল্লেখযোগ্য জনসমাগম দেখা যাচ্ছিল না বলেও উল্লেখ করেন তিনি।

স্বতন্ত্রভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারলে আগামী এক বছরের মধ্যে এনসিপি বড় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে বলে মনে করেন রাশেদ খাঁন। একই সঙ্গে আওয়ামী লীগের অনুপস্থিতিতে সৃষ্ট রাজনৈতিক শূন্যতা পূরণেও দলটি ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি আরও বলেন, স্বতন্ত্র রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আগামী জাতীয় নির্বাচনেও প্রধান বিরোধী দল হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এনসিপি দীর্ঘদিন ধরেই এমন রাজনৈতিক অবস্থানের স্বপ্ন দেখিয়ে আসছে। তবে জামায়াতের জোটে থেকে সেই লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে মনে করেন তিনি।

এনসিপির স্বতন্ত্র রাজনীতির পথে দলটির আটজন সংসদ সদস্য বড় বাধা হয়ে উঠতে পারেন বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন। তার দাবি, ওই সংসদ সদস্যরা আগামী নির্বাচনেও জামায়াতের ভোটের ওপর নির্ভর করে জয়ী হতে জোটের রাজনীতি অব্যাহত রাখার পক্ষে। তবে দলের অধিকাংশ নেতা স্বতন্ত্র রাজনীতির পক্ষে বলে উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন বলেন, এনসিপি শেষ পর্যন্ত স্বতন্ত্র রাজনীতির প্রাথমিক সিদ্ধান্ত চূড়ান্ত করে কি না, নাকি জামায়াতের সঙ্গে জোটবদ্ধ অবস্থান বজায় রাখে, তা দেখার বিষয়। স্বতন্ত্র রাজনৈতিক পথ বেছে নেওয়ার ক্ষেত্রে দলটির প্রতি শুভেচ্ছাও জানান তিনি।

 

 

ইত্তেফাক/এসজেএস