দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৬

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে শৃঙ্খলা রক্ষায় সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনির কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। অন্য এক সংসদ সদস্যের বক্তব্য চলাকালে আসন ছেড়ে কথা বলায় চিফ হুইপকে সতর্ক করে অবিলম্বে নিজ আসনে বসার অথবা সংসদ কক্ষ থেকে লবিতে চলে যাওয়ার কড়া নির্দেশ দেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদে ৬৮ বিধির আওতায় দেশের চলমান সার সংকট নিয়ে সংক্ষিপ্ত আলোচনাকালে এ ঘটনা ঘটে। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান বিদ্যমান সার সংকট নিরসনের লক্ষ্যে সংসদে এ আলোচনার প্রস্তাব উত্থাপন করেন।

প্রস্তাবের ওপর জামায়াতের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী বক্তব্য দিতে শুরু করার পরপরই চিফ হুইপ নূরুল ইসলাম মনি নিজের আসন ছেড়ে অপর এক সরকারদলীয় সংসদ সদস্যের কাছে গিয়ে কথা বলতে থাকেন। এতে অধিবেশনে ব্যাঘাত সৃষ্টি হলে মাহবুবুল আলম তার বক্তব্য সাময়িকভাবে থামিয়ে দেন।

ঘটনাটি নজরে আসতেই সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি চিফ হুইপকে উদ্দেশ করে সরাসরি বলেন, ‘মাননীয় চিফ হুইপ লবিতে যাবেন, আর না হয় সিটে বসবেন, প্লিজ। দিস ইস অ্যাবসার্ড।’ ডেপুটি স্পিকারের এই রুলিংয়ের পর সংসদ কক্ষে শৃঙ্খলা ফিরে এলে পুনরায় আলোচনা শুরু হয়।

ইত্তেফাক/এনএন