হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের সড়কটি চলাচল অযোগ্য হয়ে পড়েছে। হোমনা ওভার ব্রিজ থেকে মেঘনা নদী পর্যন্ত চার কিলোমিটারের সড়কটি দীর্ঘদিন যাবত্ সংস্কার না করায় সড়কের পিচ ঢালাই উঠে গিয়ে অসংখ্য খানা খন্দকের সৃষ্টি হয়েছে।
সামান্য বৃষ্টি হলেই এসব খানাখন্দকে পানি ও কাঁদা জমে যায়। ফলে বৃষ্টি হলে উপজেলার সর্ববৃহত্ গ্রাম শ্রীমদ্দিবাসীর দুর্ভোগের সীমা থাকে না। বৃষ্টি হলে এ সড়কে হেঁটে যাতায়াত করা যায় না। শুধু সিএনজি অটো রিকশায় যাতায়াত করতে হয়। সড়কের খানাখন্দকগুলো বেশি গভীর হওয়ায় সিএনজি অটোরিকশাগুলোও প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে। বিকল্প ব্যবস্থা না থাকায় শ্রীমদ্দি, লটিয়া ও চরের গাঁ গ্রামের শিক্ষার্থীসহ প্রায় ২০ সহস্রাধিক মানুষ এ সড়ক ব্যবহার করেই প্রতিদিন হোমনা বাজার ও উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়।
হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম বলেন, সড়কটির অবস্থা খুবই খারাপ। ড্রেন না থাকার কারণে সড়কটি দ্রুত নষ্ট হয়ে যায়। তাই আগে ড্রেনের কাজটা শুরু করব। ড্রেনের কাজ শেষে যত দ্রুত সম্ভব সড়কটি সংস্কারে কাজ ধরা হবে।
