অবশেষে এশিয়ান পেপার মিলের উত্পাদন বন্ধের নির্দেশ

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২১:১৯

প্রাকৃতিক মত্স্য প্রজনন ক্ষেত্র হালদা নদী দূষণের দায়ে হাটহাজারীর নন্দীরহাটে এশিয়ান পেপার মিলকে উত্পাদন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। রবিবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক আজাদুর রহমান মল্লিক চট্টগ্রাম কার্যালয়ে শুনানি শেষে এ আদেশ দেন।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা জানান, এর আগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ক্ষতিপূরণ আরোপ ও সতর্ক করা হলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় উত্পাদন বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত ১৪ আগস্ট পরিবেশ অধিদপ্তরের একটি টিম সরেজমিন পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানটির বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি নাজুক দেখতে পায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ১৮ আগস্ট শুনানিতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়। নন্দীরহাটে এশিয়ান পেপার মিলের পাশ দিয়ে বয়ে গেছে একটি একুতি ছড়া (মরা খাল), যা উপজেলার বিভিন্ন ইউনিয়নের খাল ধরে হালদা নদীতে গিয়ে মিশেছে। ঐ পেপার মিলের অপরিশোধিত প্রাণঘাতি বর্জ্য খালের মাধ্যমে প্রাকৃতিক মত্স্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে গিয়ে পড়ে। এতে নদীর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ হুমকিতে পড়েছে। চলতি বছরের ১০ জুন পরিবেশ অধিদপ্তর হালদা দূষণের কারণে ২০ লাখ টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটিকে ইনফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) কার্যকর করার নির্দেশ দিয়েছিল।

এদিকে ঘটনার দুই মাসের মাথায় এশিয়ান পেপার মিলের বিরুদ্ধে আবারও হালদা নদী দূষণের অভিযোগ ওঠে। গত ১০ আগস্ট রাতে ঐ কারখানা থেকে পাশের মরা ছড়ায় আবারও অপরিশোধিত প্রাণঘাতী তরল বর্জ্য ছাড়ার প্রমাণ পান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। ঐ রাতে এবং পরদিন দুপুরে ইউএনওর সঙ্গে হালদা গবেষক দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া চলতি গত ৩০ মে সত্তারঘাট এলাকায় হালদা নদীর পাড়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার স্থানীয় ও সংশ্লিষ্টদের কাছ থেকে অভিযোগ পেয়ে এশিয়ান পেপার মিলের বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।