পাটগ্রাম সীমান্তে গুলি ছুড়লো বিএসএফ, উত্তেজনা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৩

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এসময় বাংলাদেশিদের চারটি নৌকাও আটকে রাখে বিএসএফ। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এ ঘটনার পর গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে গুলি ছোড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বুড়িমারী শ্রীরামপুর এলাকার তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪২/৪-এস এবং ৮৪২/৫-এস এর মধ্যবর্তী স্থান থেকে আনুমানিক ২০ গজ ভারতের অভ্যন্তরে বরমতল নামক স্থানে কিছু বাংলাদেশী নাগরিক অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের জন্য যায়। এসময় ৬২ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের সদস্যরা তাদেরকে দেখে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং নদী থেকে বালু ও পাথর উত্তোলন করার চারটি ছোট নৌকা জব্দ করে। 

বিজিবি আরও জানায়, বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ করা হয়েছে। এদিকে বিকেলে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের কথা রয়েছে। তাছাড়া এ বিষয়ে ইউএনও এবং সংশ্লিষ্ট থানার ওসিকে জানানো হয়েছে।

পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বিষয়টি বিজিবি আমাদের জানিয়েছে। খোঁজ নিয়ে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি