উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার কাজে গতি কমাচ্ছে ওপেনএআই

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১১

নিরাপত্তা উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই তাদের সর্বাধুনিক মডেলগুলোর উন্নয়নের গতি কমিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে ব্লুমবার্গের বরাতে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান সম্প্রতি কর্মীদের সঙ্গে এক বৈঠকে জানিয়েছেন, গতি কিছুটা ধীর করা যেতে পারে। একই সঙ্গে প্রতিযোগী অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানগুলোও যেন নিরাপত্তা স্বার্থে একই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে সেই আশাবাদ প্রকাশ করেছেন তিনি।

বিশ্বজুড়ে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কর্মীরা যখন স্বায়ত্তশাসিত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, ঠিক তখনই এমন আলোচনা সামনে এল।

চ্যাটজিপিটির নির্মাতাধারী প্রতিষ্ঠান ওপেনএআই ইতোমধ্যে তাদের কয়েকটি মডেলের উন্নয়ন গতি কমিয়েছে এবং কিছু অভ্যন্তরীণ প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত রেখেছে। গত জুলাই মাসে স্যাম অল্টম্যান হোয়াইট হাউসের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার গতি নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা নিয়ে বৈঠক করেছিলেন বলে জানান।

তবে এই অভ্যন্তরীণ বৈঠকের ব্যাপারে ওপেনএআই মন্তব্য করতে অস্বীকার করেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ইত্তেফাক/টিএইচ