নিউইয়র্কের মেট্রোপলিটন অপেরায় এবার অভিনয়ের জন্য অডিশন দিতে হয়েছে একটি সাপকেও। মোৎসার্টের ধ্রুপদি অপেরা ‘কোজি ফান তুত্তে’র নতুন সংস্করণে মঞ্চে স্বল্প সময়ের জন্য উপস্থিত হবে একটি বোয়া কনস্ট্রিক্টর। সেই চরিত্রের জন্য অডিশনে শেষ পর্যন্ত নির্বাচিত হয়েছে ‘প্রিন্সেস’ নামের একটি বোয়া।
নিউইয়র্কের মেট্রোপলিটন অপেরার ১৯৫০-এর দশকের কনি আইল্যান্ডকে কেন্দ্র করে তৈরি সংস্করণটিতে সাপুড়ের চরিত্রে অভিনয় করছেন পারফরম্যান্স আর্টিস্ট জো জিগফেল্ড। সাপটির জন্য অডিশন নেওয়ার দায়িত্বও ছিল তার ওপর।
অডিশনের সময় জিগফেল্ড একেকটি সাপকে হাতে নেন, তাদের শরীরে পেঁচিয়ে থাকতে দেন এবং মাথার ওপর তুলে ধরেন। মঞ্চের উজ্জ্বল আলোয় সাপগুলো কেমন আচরণ করবে, সেটিও তিনি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সাপের চোখের দিকে তাকিয়ে মানুষের সঙ্গে তার স্বাচ্ছন্দ্য এবং আচরণও যাচাই করেন।
জিগফেল্ড বলেন, ‘প্রাণীটি মানুষের সঙ্গে এবং আমরা যা করছি তার সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করছে কি না, তা আমার জানতে হবে।’
অডিশনে শেষ পর্যন্ত প্রিন্সেসকে বেছে নেওয়া হয়। অন্য সাপগুলোর তুলনায় আকারে বড় হওয়ায় মঞ্চে তার উপস্থিতি আরও ভালো হবে বলে মনে করা হয়েছে। হলুদ-আবির রঙের এই বোয়া কনস্ট্রিক্টরকে আপাতত মহড়ায় পরীক্ষামূলকভাবে রাখা হবে।
অডিশন শেষে এক ই-মেইলে জিগফেল্ড লেখেন, ‘আমরা প্রিন্সেসকে নিয়ে মহড়া এগিয়ে নেব। সে অসাধারণ একটি সাপ। তবে এই পরীক্ষা তার জন্য নয়, বরং আমার জন্য এবং সাপটি সামলানোর মতো আমার শারীরিক সক্ষমতা আছে কি না, সেটি যাচাইয়ের জন্য।’
এদিকে, দ্বিতীয় দফার অডিশন থেকে কিছুটা ছোট আকারের বাদামি বোয়া কনস্ট্রিক্টর ‘নালা’কে প্রিন্সেসের বিকল্প বা আন্ডারস্টাডি হিসেবে রাখা হয়েছে।
সূত্র: এপি

