রংপুরে চার খুনের ঘটনায় শিক্ষক গণপতি চক্রবর্তীর শোবার ঘর পরিদর্শন করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জয়া ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক অ্যাড. অনুপ কুমার সাহার নেতৃত্বে সুপ্রিম কোর্টের ১৬ জন আইনজীবী নগরীর মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীর বাড়িতে পরিদর্শনে আসেন।
পরে তারা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শনের বিষয়ে আগে থেকেই রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, কোতোয়ালী থানা পুলিশকে চিঠি দিয়ে জানানো হয়েছিল। সেই সময় পুলিশ কমিশনার গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শনের অনুমতিও দিয়েছিলেন।
কিন্তু বাড়ি পরিদর্শনে এসে থানা পুলিশ জানায়, আইনজীবীদের শুধুমাত্র গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ও নিচ তলায় পরিদর্শনের অনুমতি আছে। গণপতি চক্রবর্তীর শোবার ঘর পরিদর্শনের অনুমতি নেই। এনিয়ে একাধিকবার মোবাইল ফোনে পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করেও আইনজীবীরা কথা বলতে পারেনি।
মূলত এতে ক্ষোভ প্রকাশ করেন আইনজীবীরা। পুলিশ কমিশনার পরিদর্শন দলের সাধারণ সম্পাদক অনুপ কুমার সাহার মোবাইল ফোন নম্বর ব্লক করেছেন বলেও অভিযোগ তোলা হয়।
অ্যাডভোকেট অনুপ কুমার সাহা বলেন, পরিদর্শনের আগে আমরা পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার ও কোতোয়ালী থানা পুলিশের অনুমতি নিয়েছি। কিন্তু আমরা পরিদর্শনে আসার পর থানা পুলিশ জানায় গণপতি চক্রবর্তীর শোবার ঘরে প্রবেশ করা যাবে না। আমরা চার হত্যাকাণ্ডের ঘটনায় উচ্চ আদালতে রিট ফাইল করেছি।
মানে এই মামলার সঙ্গে আমরা সংশ্লিষ্ট রয়েছি। যদি আমরা ঘরের ভেতরটা দেখতে পেতাম, তাহলে বিজ্ঞ আদালতে আমরা তা উপস্থাপন করতে পারতাম। কিন্তু পুলিশ কমিশনার আমার ফোন ধরেন নাই, সেই সাথে নম্বর ব্লক করে রেখে দিয়েছেন।
তিনি আরও অভিযোগ করে বলেন, পুলিশ কমিশনার জনগণের রক্ষক। নিরাপত্তার স্বার্থে, সুষ্ঠু তদন্তের স্বার্থে আমাদের ঘরটি দেখার অনুমতি দিলে তদন্তে কোনো ব্যতয় ঘটতো না। এমন হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত হবে এটি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। এরপরেও বিশ্বাস হারাতে চাই না, সারাদেশের আইনজীবী, সচেতন মানুষ বিশ্বাস রাখতে চায়, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হোক ও হত্যাকারীদের বিচার হোক। এর জন্য যা সহযোগিতা প্রয়োজন আমরা বাংলাদেশে আইনজীবী ঐক্য পরিষদ করবো।
এ সময় উপস্থিত ছিলেন, আইনজীবী ঐক্য পরিষদের নেতা অপূর্ব ভট্টাচার্য, জহরলাল দাসসহ অন্যরা।

রংপুরে চার খুন: উত্তর নেই অনেক প্রশ্নের