সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট শিকার, রহস্য জানালেন মিরাজ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৪

প্রথমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলছেন মেহেদী হাসান মিরাজ। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অভিষিক্ত ম্যাচ ৩ উইকেট শিকার করেছিলেন এই টাইগার অলরান্ডার। দ্বিতীয় ম্যাচে আরও উজ্জ্বল তিনি। শিকার করেছেন ৪টি উইকেট। 

ত্রিনিবাগো নাইট রাইডার্সের বিপক্ষে একে একে বোল্ড করেছেন চার ব্যাটারকে। সবমিলিয়ে ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন মিরাজ। এমন দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরার পুরস্কার জেতেন এই টাইগার অলরাউন্ডার।

ম্যাচসেরা হয়ে মিরাজ বলেন, 'আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য একটি দারুণ মুহূর্ত। আমি প্রথমবারের মতো সিপিএল খেলছি এবং ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছি। ম্যাচটি আমি দারুণ উপভোগ করেছি।'

তিনি আরও বলেন, 'আমি সঠিক জায়গায় বল করার এবং উইকেট নেওয়ার চেষ্টা করেছি। আমি জানতাম উইকেট কিছুটা টার্নিং ছিল এবং এটা স্পিনারদের সাহায্য করবে।'

দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মিরাজ বলেন, '(গায়ানায় খেলার অভিজ্ঞতা) এটি আমার জন্য সত্যিই দারুণ একটি মুহূর্ত। তারা খুবই ভালো; বিশেষ করে ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই।'

 

ইত্তেফাক/জেডএইচ