জন্মাষ্টমীর শোভাযাত্রায় ব্যাগ-পোঁটলা নিষিদ্ধ

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২১:৩৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, জন্মাষ্টমীর শোভাযাত্রায় ব্যাগ, পোঁটলা ও সাউন্ড সিস্টেম নিয়ে অংশগ্রহণ করা যাবে না। এছাড়া জন্মাষ্টমীকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও তিনি জানান। গতকাল সোমবার শোভাযাত্রার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় ডিএমপি কমিশনার বলেন, ২৩ আগস্ট শুক্রবার উত্সবমুখর পরিবেশে ঢাকা মহানগরীতে হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী শোভাযাত্রা।

ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটির নেতারা, ফায়ার সার্ভিস, বিদ্যুত্, ওয়াসা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর, পুলিশ হেডকোয়ার্টার্স, এসবি, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা। ২৩ আগস্ট বিকাল ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে বিকেল ৫টায় শেষ করার সিদ্ধান্ত হয় সভায়।