ডেঙ্গুতে মারা গেছেন আরো সাত জন

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২১:৫৫

রাজধানীর বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা পূর্ববর্তী ২৪ ঘণ্টার তুলনায় ৩ শতাংশ বেড়েছে। তবে ঢাকার বাইরের হাসপাতালগুলোতে একই সময়ে ডেঙ্গু রোগীর সংখ্যা ১২ শতাংশ কমেছে। সার্বিকভাবে রবিবারের তুলনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম জানিয়েছে, রবিবার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ৬১৫ জন। তাদের মধ্যে ৭৫৭ জন ঢাকায় এবং ৮৫৮ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে ডেঙ্গুর ছোবলে মানুষের মৃত্যু থামছে না। গতকাল ঢাকাসহ সারাদেশে আরো সাত জন মারা গেছেন।

চিকিত্সকরা জানান, ঢাকার বাইরে মৃতের সংখ্যা বেশি হওয়ার প্রধান কারণ সুষ্ঠু ব্যবস্থাপনা ও সুচিকিত্সার অভাব। সাধারণত ডেঙ্গু রোগীদের মধ্যে যাদের ডায়াবেটিস, কিডনিসহ অন্যান্য সমস্যা রয়েছে, তাদের সেসব রোগের সঙ্গে সমন্বয় করে চিকিত্সা দিতে হয়। রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালে এভাবেই চিকিত্সা হচ্ছে। কিন্তু ঢাকার বাইরে তা মেনে চলা হচ্ছে না। ডেঙ্গু রোগীদের চিকিত্সায় যে গাইডলাইন দেওয়া হয়েছে তাও ঠিকভাবে মানা হচ্ছে না ঢাকার বাইরের হাসপাতালগুলোতে।

স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা গতকাল সংবাদ সম্মেলনে বলেন, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা কমেছে। আশা করছি, এই সংখ্যা আর বাড়বে না। স্বাস্থ্য অধিদফতরসহ সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টা ও জনসচেতনতার কারণে এ সংখ্যা কমেছে। এদিকে গতকাল সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ দেশের সব ডাইরেক্টর ও লাইন ডাইরেক্টরের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের ডেঙ্গুর প্রতিকার, প্রতিরোধ ও ব্যবস্থাপনা বিষয়ক নানা নির্দেশনা দেন।

চার জেলায় ডেঙ্গু আক্রান্ত আরো সাত জনের মৃত্যু

ঢাকা, ময়মনসিংহ, খুলনা, ফরিদপুর ও বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো সাত জন মারা গেছেন। গতকাল স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ফাতেমা (৪৫) নামক এক নারী ডেঙ্গুতে মারা গেছেন। রবিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান আনোয়ার হোসেন (৪০)। তার বাড়ি নেত্রকোনায়। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার আব্দুর রাজ্জাকের পুত্র সেলিম মিয়া (২৭) গতকাল ডেঙ্গুতে গতকাল মারা গেছেন। গতকাল সকালে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয় মিজানুর রহমানের (৪০)। মিজানুর রহমান রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামের মৃত আখের আলীর ছেলে। ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গতকাল সকালে দেলোয়ার হোসেন (৩৫) নামে মসজিদের এক ইমাম মারা যান। দেলোয়ার ফরিদপুরের গোলডাঙ্গী গ্রামের শেখ শফিউদ্দিনের ছেলে। শহরের পূর্ব খাবাসপুর এলাকার একটি মসজিদের ইমাম ছিলেন তিনি। গতকাল দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুমাইয়া নামে এক শিশু মারা গেছে। সুমাইয়া পটুয়াখালীর দুমকী উপজেলার ফজলুল হকের মেয়ে। বনশ্রীতে এক শিশু চিকিত্সা নিয়ে বাড়ি ফেরার পর মারা যায়।

দক্ষিণে ৯টি ভবন  মালিককে ২ লক্ষ ২৮ হাজার টাকা

এডিস মশার লার্ভা পাওয়ায় রিয়েল এস্টেট কোম্পানি ইস্টার্ন ভিউ এবং এস ফার্ম  লিমিটেডসহ ৯টি ভবন মালিককে ২ লক্ষ ২৮ হাজার টাকা আর্থিক দ্ল দিয়েছে ডিএসসিসির মোবাইল কোর্ট। গতকাল রাজধানীর নয়াপল্টন, সেগুনবাগিচা, তোপখানা, ধানমন্ডি, যাত্রাবাড়ী এলাকায় ডিএসসিসির ম্যাজিস্ট্রেটগণ অভিযান চালিয়ে ৯টি ভবন মালিককে উল্লিখিত পরিমান অর্থদ্ল প্রদান করেন । নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হোসেন ৫০ নয়াপল্টন ইস্টার্ন ভিউকে ৭৫ হাজার টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ধানমন্ডি ৮/এ (নতুন) সড়কের ৩১৭, ৩১৭/১ এবং ৩১৭/২ হোল্ডিং লার্ভা পাওয়ায় এস ফার্ম লিমিটেড কর্তৃক নির্মাণাধীন ভবনকে ৫০ হাজার টাকা এবং ২৪/ এ/বি তোপখানা রোডের ভবন মালিককে ৫০ হাজার টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবর আলী ১৭/১ লালবাগ, জগন্নাথ সাহা ভবন মালিককে ১০ হাজার টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদ উল্লাহ, আতিকউল্লাহ এবং সোনিয়া হোসেন যাত্রাবাড়ী এলাকার ৫ বাড়ির মালিককে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করে।

পরিত্যক্ত টায়ারে এডিস মশার লার্ভা, জরিমানা ৫ লাখ টাকা

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের ঠিক পেছনে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় দুটি টায়ার। সেখানে সন্ধান মেলে এডিস মশার লার্ভার। বিষয়টি দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সঙ্গে সঙ্গে ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘোষণা দিলেন জরিমানা ও শাস্তির। এজন্য টায়ার মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে সাতদিনের কারাদন্ড প্রদানের নির্দেশ দেয়া হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। কিন্তু টায়ার মালিক কে তা অভিযান পরিচালনা পর্যন্ত নিশ্চিত করা যায়নি। এদিকে এডিস মশা নিধনে ‘চিরুনি অভিযান’ চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। করপোরেশনের কীট বিশেষজ্ঞ কবিরুল বাসার বলেন, সাত দিন আগে কীটনাশক আনা হয়েছে। তা ৯৭ থেকে ৯৮ শতাংশ কার্যকর। তবে জনবল সংকটের কারণে ছিটানো যাচ্ছে না।