সরকার দেশে অধিকতর সুশাসন নিশ্চিতে কাজ করছে

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২২:০৯

বর্তমান সরকার দেশে অধিকতর সুশাসন নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অধিকতর সুশাসন নিশ্চিত করবার সঙ্গে সঙ্গে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজও দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছেন। গত রবিবার সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার সিউলস্থ বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। বর্তমান সরকারের নানা উদ্যোগের ফলে পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ই-পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে। যথাসময়ে তা চালু করা হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈধ পথে নিয়মিত রেমিটেন্স প্রেরণকারীদের জন্যও অধিকতর সুযোগ-সুবিধা প্রদানের বিষয়টি বিবেচনা করছেন।

এসময় মন্ত্রী প্রবাসীদের নানা কথা শোনেন এবং নতুন পাসপোর্ট তৈরি, পাসপোর্ট নবায়ন, ই-পাসর্পোট, দ্বৈত নাগরিকত্ব, পুলিশ ক্লিয়ারেন্স, প্রবাসীদের জন্য বিশেষায়িত হাসপাতাল, বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রিতা, দক্ষিণ কোরিয়ার শ্রমবাজার ও রেমিটেন্স প্রেরণসহ বিভিন্ন বিষয়ে তাদের সকল প্রশ্নের উত্তর দেন। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. সোহেল হোসেন খানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।