নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। বিদ্যুৎবিহীন হাসপাতালে ডিউটিরত আনসার সদস্যের হাতের টর্চ লাইটের চিকিৎসা সেবা দিতে দেখা গেছে।
বিদ্যুৎ লাইনের অভ্যন্তরীণ সমস্যার কারণে শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে এই সমস্যার সূত্রপাত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সর্বশেষ রোববার দুপুরের দিকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় বলে জানিয়েছেন তারা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টা থেকে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে ৫০ শয্যা বিশিষ্ট সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
বিদ্যুৎ না থাকায় হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি গরমে রোগীদের ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে শিশু, বয়স্ক ও গুরুতর অসুস্থ রোগীদের নিয়ে বিপাকে পড়েন স্বজনরা।
অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীদের সেবা সচল রাখতে জেনারেটর চালু করা হয়েছিল। তবে রোগীদের অভিযোগ, জেনারেটরও দেওয়া হলেও ঠিক মতো সেবা পাওয়া যায়নি। ফলে বিদ্যুৎ না থাকায় হাসপাতালজুড়ে দুর্ভোগ আরও বেড়ে যায়।
পবিস-১ এর সিংড়া জোনাল অফিসের ডিজিএম সিদ্দিকুর রহমান জানান, বিদ্যুৎ সরবরাহ ঠিক করতে শনিবার থেকেই আমরা কাজ শুরু করি। পরে ধরা পড়েছে অভ্যন্তরীণ লাইন সমস্যা।
সিংড়া উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, শনিবার থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। হাসপাতালের লাইনের ফল্ট থাকায় এটা হয়েছে। পরে রোববার দুপুর ৩টা থেকে এটি স্বাভাবিক হয়। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের জেনারেটর চালিয়ে রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

