জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপি বাংলাদেশের রাজনীতিতে একটি বিষবৃক্ষ। বিএনপিসহ পাকিস্তানপন্থিদের সাথে কোনো আপস, মিটমাট চলে না। এরা ষড়যন্ত্রকারী। সুযোগ পেলেই ছোবল মারে। তাই ষড়যন্ত্রের রাজনীতির ঘাঁটি-খুঁটি সমূলে উপড়ে ফেলতে হবে। ঘরকাটা ইঁদুর, ঘরের লোক, আপন লোকদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে, যেন ষড়যন্ত্রকারীরা কোনো সুযোগ না পায়। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে দূরে সরিয়ে রেখে মুজিববর্ষ পালন কোনো ফল দিবে না। বঙ্গবন্ধুর আদর্শ ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেই মুজিববর্ষ পালন করতে হবে। তিনি বলেন, সমস্যার জন্য অন্যদের কাঁধে, জনগণের কাঁধে দোষ দেওয়ার অভ্যাস মন্ত্রীদের বাদ দিতে হবে। মন্ত্রীদের কারবার দাঁড়িয়েছে, ‘ভাত দেওয়ার মুরোদ নাই, কিল মারার গোসাই’র মত।
হাসানুল হক ইনু বলেন, বঙ্গবন্ধু হত্যা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের ওপর সবচাইতে বড়ো আঘাত। মুক্তিযুদ্ধবিরোধী দেশি-বিদেশি শক্তি মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। খুনিরা শুধু ব্যক্তি বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদেরই হত্যা করেনি, তারা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের ভিত্তি ও আত্মাকেই হত্যা করতে চেয়েছিল। তাই তারা সংবিধান থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসনে পাঠিয়ে বাংলাদেশকে পাকিস্তানের পথে ঠেলে দিয়েছিল। পরবর্তীতে প্রমাণ হয়েছে, বঙ্গবন্ধুকে খুন ও পাকিস্তানপন্থার রাজনীতির মূল ঘাঁটি বিএনপি। জাসদ সভাপতি আরো বলেন, গণতন্ত্র-সমাজতন্ত্র-ধর্মনিরপেক্ষতা-জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের আদর্শ হলো বঙ্গবন্ধুর আদর্শ। গণতন্ত্র-সমাজতন্ত্র-ধর্মনিরপেক্ষতা-জাতীয়তাবাদের আদর্শে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সুশাসনের বিকল্প নেই। হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, জাতীয় পার্টি-জেপি’র সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ।
