কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে দুটি লঞ্চ ও একটি ফেরির ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ জন যাত্রী আহত হয়েছেন। অল্পের জন্য বড়ো ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছেন কয়েক শত ঢাকাগামী যাত্রী। গত রবিবার রাতে লৌহজং টানিং পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, কাঁঠালবাড়ী ঘাট থেকে ছেড়ে যাওয়া দুটি লঞ্চ এমভি আশিক ও এমভি সুরুভির সঙ্গে ফেরি রায়পুরার ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই জন ঢাকাগামী যাত্রী নদীতে পড়ে যায়। আহত হয় আরো তিন জন। পরে কাঁঠালবাড়ী ঘাট থেকে যাত্রীশূন্য কয়েকটি লঞ্চ গিয়ে যাত্রীদের উদ্ধার করে। লঞ্চ কর্তৃপক্ষের দাবি পদ্মায় পড়ে যাওয়া দুই যাত্রীকে উদ্ধার করা হয়েছে।
বিআইডব্লিউটিএ কাঁঠালবাড়ী লঞ্চঘাটের ট্রাফিক পরিদর্শক আক্তার হোসেন বলেন, দুটি লঞ্চে কয়েকশত যাত্রী ছিল। পদ্মা নদী শান্ত থাকায় সংঘর্ষে তেমন কোনো ক্ষতি হয়নি। এছাড়া ফেরি ও লঞ্চ দুটি নিরাপদে সরিয়ে আনা হয়েছে।
শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। ফেরির ধাক্কায় লঞ্চ থেকে দুই জন যাত্রী নদীতে পড়ে গেলেও তাদের অন্য যাত্রীরা উদ্ধার করে। এছাড়াও যাত্রীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
