পাঁচ উপজেলায় ছয় স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছে। গত রবিবার বিকাল থেকে গতকাল সোমবার বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। ইত্তেফাকের সংবাদদাতাদের পাঠানো খবর—
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা জানান, শিবচরের বন্দরখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শিকদার (৫৮) গতকাল ঢাকা-খুলনা মহাসড়কে একটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে নিহত হয়েছেন। তিনি প্রায় ৩২ বছর বন্দরখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মা সোখিনা শিকদার বন্দরখোলার সাবেক চেয়ারম্যান ছিলেন। তার অকাল মৃত্যুতে সংসদ সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন গভীর শোক প্রকাশ করেছেন।
ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা জানান, গতকাল বাসচাপায় সাইফুল খাঁ (২০) নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন। ভেদরগঞ্জ উপজেলার নরসিংহপুর ফেরিঘাটে আবদুল্লাহ পরিবহনের বাসটি পার্কিং করতে গেলে বাসচাপায় হেলপার সাইফুলের মৃৃত্যু হয়। সাইফুল ঝালকাঠির কাঁঠালিয়া এলাকার সামছুল হক খাঁর ছেলে।
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, সাতক্ষীরা সদরের উপজেলার দেবনগর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাগর হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার বন্ধু রহমত আলী। সাগর তালা উপজেলার নগরঘাটা গ্রামের হাফি সরদারের ছেলে। গত রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জানান, গতকাল উপজেলার চৌমহনীতে ট্রাকের ধাক্কায় অমূল্য চন্দ্র রায় (৪৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। অমূল্য উপজেলার বাঙালিপুর ইউনিয়নের পশ্চিম ভগতপাড়া রমেশ চন্দ্র রায়ের ছেলে। এ সময় ট্রাকটি পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ট্রাকটি ও তার হেলপারকে আটক করে। গত রবিবার নীলফামারী-সৈয়দপুর বাইপাস সড়কের মুজার মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় জোবেদা বেগম (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি সৈয়দপুর শহরের কয়া গোলাহাট এলাকার দক্ষিণপাড়ার মৃত আজিজার রহমানের স্ত্রী।
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা জানান, গতকাল বাগাতিপাড়ায় ট্রাকের ধাক্কায় সারোয়ার হোসেন সাগর (১৬) নামে এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। এ সময় মো. সৈকত আলী (১৫) নামে অপর এক আরোহী আহত হয়। সাগর উপজেলার জামনগর মাঝপাড়া গ্রামের আহম্মদ আলী মাস্টারের ছেলে।
