আইসিইউ নেই পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যালে, ডেঙ্গু আক্রান্তদের চিকিত্সা ব্যাহত

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২২:১৫

ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) না থাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি রোগীরা প্রয়োজনীয় চিকিত্সাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। যার কারণে গুরুতর রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করতে হচ্ছে। এই অবস্থায় জরুরি ভিত্তিতে আইসিইউ স্থাপনে সরকারের প্রতি দাবি জানিয়েছেন স্বায়ত্তশাসিত এই হাসপাতালটির ব্যবস্থাপনা বোর্ডের কর্মকর্তারা।

নতুন পরিচালক হিসেবে ব্রি. জে. (অব) ডা. ইফফাত আরার যোগদান উপলক্ষ্যে গত রবিবার হাসপাতালে আয়োজিত পরিচিতি অনুষ্ঠানে তারা এই দাবি জানান। বক্তারা বলেন, বর্তমানে এই হাসপাতালে ৯৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। গত দুই মাসে ডেঙ্গু আক্রান্ত প্রায় আড়াই হাজার রোগী এখানে ভর্তি হয়ে চিকিত্সা নিয়েছেন। বহির্বিভাগে চিকিত্সা নিয়েছেন প্রায় ১০ হাজার রোগী। ঈদের তিন দিন আগে ভর্তি হন ১৭৮ জন ডেঙ্গু আক্রান্ত। ডেঙ্গু রোগ শনাক্তের উপকরণ কিট যেখানে অন্য সময় ১০০ থেকে ১৫০ টাকায় হাসপাতাল কর্তৃপক্ষ ক্রয় করত, সেখানে এবার ৩০০ থেকে ৩৭৫ টাকায় কিট কিনে রোগীদের চিকিত্সা দেওয়া হচ্ছে। এতে প্রচুর অর্থ ভর্তুকি দিতে হচ্ছে। মেডিক্যাল কলেজ ও হাসপাতাল মিলিয়ে বছরে প্রায় ৬০ কোটি টাকার মতো ব্যয় হলেও সরকার থেকে বছরে মাত্র আট কোটি টাকা দেওয়া হচ্ছে। সরকারি অনুদানের অর্থ বাড়িয়ে অন্তত ২০ কোটি করার দাবিও জানানো হয়।

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা বোর্ডের সভাপতি কাজী ফিরোজ রশীদের সভাপতিত্বে এবং হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. এ কে এম নুরুন্নবীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদের সংরক্ষিত আসনের এমপি জিন্নাতুল বাকিয়া, হেদায়েতুল ইসলাম স্বপন, গাজী সারোয়ার হোসেন বাবু, হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ কে এম আমিনুল হক, গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আরজুমান্দ আরা বেগম, সার্জারি বিভাগের প্রধান ডা. শামীমা জাহান প্রমুখ।