বাগেরহাটের চিতলমারীতে হঠাত্ করে ঘেরের বাগদা চিংড়ি মারা যাওয়ায় চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। মাছ মরার কারণ হিসেবে তারা ‘হোয়াইট স্পট ও রেড’ ভাইরাসকে দায়ি করছেন। এ ভাইরাসের আক্রমণে ঋণগ্রস্ত কয়েক হাজার চাষি সর্বস্বান্ত হতে চলেছেন। সোমবার দুপুরে উদ্বেগের সঙ্গে এমনটাই জানিয়েছেন খিলিগাতী-ডুমুরিয়া গ্রামের মত্স্যচাষিরা। অথচ এ সংত্রান্ত কোনো খবর জানেন না চিতলমারী উপজেলা মত্স্য কর্মকর্তা।
চিতলমারী মত্স্য অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় মোট চিংড়ি ঘেরের সংখ্যা ১৬ হাজার ৭১০টি। যার মোট আয়তন ১৬ হাজার ৮৩৩ একর। এরমধ্যে ১৩ হাজার ৭৫৮টি ঘেরে গলদা ও ২ হাজার ৯৫২টি ঘেরে বাগদা চিংড়ির চাষ হয়। এখানের চাষিরা বছরে ৫৮১ মেট্রিকটন বাগদা ও ২ হাজার ৬৫০ মেট্রিকটন গলদা চিংড়ি এবং বিপুল পরিমাণ সাদা মাছ উত্পাদন করে থাকেন।
