চলতি বছর ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চসংখ্যক রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৩৩ জন। সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৫৬ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এছাড়া সেপ্টেম্বরের গত ১৩ দিনে ৬০ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭৩৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৭০ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ২৮২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ হাজার ৩৭৫ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭০১ জন। খুলনা বিভাগে ৩০২ জন, বরিশালে ১৯১ জন, চট্টগ্রামে ১৯১ জন, ময়মনসিংহে ১১০ জন, রংপুরে ৮৬ জন এবং রাজশাহীতে ৪৫ জন।
চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, দুই সিটি করপোরেশনের বাইরে। এ এলাকায় ৮ হাজার ৭২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপরই আছে খুলনা বিভাগ। উপকূলের এই বিভাগে রোগীর সংখ্যা ৮ হাজার ৬৭৩।
স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুন ও জুলাইয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বেড়েছে। জুনে ২ হাজার ৯০৭ জন এবং জুলাইয়ে ৯ হাজার ২০৬ রোগী হাসপাতালে ভর্তি হন। আগস্টে ভর্তি হন ২০ হাজার ৫৩৬ জন। চলতি মাসের ১৪ দিনে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৪২৪ জন।
বিশেষজ্ঞরা বরাবরই ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত মশা নিধন এবং বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিয়ে আসছেন। একই সঙ্গে জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং ডেঙ্গু শনাক্ত হলে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

