জোট নয়, স্থানীয় নির্বাচনে এককভাবেই অংশ নেওয়ার ঘোষণা জামায়াতের

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৯

জাতীয় নির্বাচনে ও পরবর্তী বিভিন্ন কর্মসূচিতে জোটবদ্ধভাবে রাজনীতির মাঠে থাকলেও স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের নিয়ে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত সীরাতুন্নবী (সা.) কনফারেন্স শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল হিসেবে স্থানীয় সরকার নির্বাচনের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে মাঠপর্যায়ে ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনে প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অনেক এলাকায় অভ্যন্তরীণভাবে প্রার্থীও ঘোষণা করা হয়েছে।

স্থানীয় নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমরা মিডিয়া আগেই বলেছি যে ১১ দলীয় ঐক্য জাতীয় নির্বাচনকেন্দ্রিক গড়ে উঠেছিল। সেটা নির্বাচনের পরে ধরে রেখে আমরা আন্দোলনের কর্মসূচি কিন্তু ১১ দলভাবে দিয়ে যাচ্ছি।’

মিয়া গোলাম পরওয়ার স্পষ্ট করে বলেন, ‘কিন্তু আমাদের শীর্ষ নেতাদের মধ্যে এটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, স্থানীয় নির্বাচনে প্রত্যেক দল নিজস্ব প্রার্থী দিয়ে নির্বাচন করবে। এখানে স্থানীয় নির্বাচনে জোটগত কোনো প্রার্থী হবে না।

ইত্তেফাক/এমএসআর