রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সফরকে কেন্দ্র করে সিলেট মহানগরীর পাঁচটি ভেন্যু ও তিনটি কর্মসূচিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার সফরের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি জানান, রাষ্ট্রপতির নিরাপত্তায় সিলেট মহানগর পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
সফরকে কেন্দ্র করে নগরের গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা ও মাজার এলাকায় পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও সংস্কারকাজ জোরদার করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজনে নগর ভবন প্রাঙ্গণে নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সংবর্ধনা শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

