ক্রেতাদের সঙ্গে প্রতারণা: পোশাক দোকানের মালিককে জরিমানা

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২৩:৪৭

ক্রেতাদের প্রতারণার দায়ে মানিকগঞ্জ শহরে তৈরি পোশাকের একটি শোরুমের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই জরিমানা করেন।

অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা শহরের গঙ্গাধরপট্টি এলাকায় কিডস অ্যান্ড মম নামের শোরুমে শিশু ও মায়েদের তৈরি পোশাক বিক্রি হয়ে আসছে। শোরুমটিতে দেশি পোশাকের গায়ে বিদেশি ব্র্যান্ডের মনোগ্রাম ব্যবহার করা হচ্ছিল। এছাড়া পোশাক বিক্রি বাবদ ক্রেতাদের কাছ থেকে ভ্যাট নিলেও সরকারকে এই ভ্যাট প্রদান করা হচ্ছে না—এমন অভিযোগের ভিত্তিতে গতকাল বেলা ১২টার দিকে ঐ শোরুমে অভিযান চালান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লোকজন। সহযোগিতায় থাকে পুলিশ। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় শোরুমের মালিক তুষ্টচন্দ্র সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী প্রদত্ত মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত পোশাক যথাযথভাবে বিক্রি না করার দায়ে শোরুমের মালিককে জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।