নকশা জালিয়াতি করে ভবন নির্মাণের মামলায় এবার বনানীর এফআর টাওয়ারের মালিক এস এম এইচ আই ফারুককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুপুরে দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি টিম গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তাকে দুদকের প্রধান কার্যালয়ে রাখা হয়েছে। এখানে তাকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করে আদালতে হাজির করা হবে বলে সূত্র জানিয়েছে।
জানা গেছে, ফারুক হোসেন ১৯৯৬ সালে তার মালিকানাধীন ১০ কাঠা জায়গায় ১৮ তলা ভবন নির্মাণের জন্য রাজউকে আবেদন করেন। প্রথমে তিনি ১৫ তলার অনুমোদন পান। পরবর্তীতে রাজউকের সংশ্লিষ্টদের যোগসাজশে অবৈধভাবে ১৮ তলা ভবন নির্মাণ করেন। কিন্তু ২০০৫ সালে ১৮ তলার ওপর ভবনের মালিক ফারুক হোসেন ও রূপায়ণ গ্রুপ সম্পূর্ণ অবৈধভাবে ২৩ তলা নির্মাণ করেন। এরপর রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘুষ নিয়ে অবৈধভাবে নির্মিত অংশ বিক্রির অনুমোদন দিলে কাশেম ড্রাইসেল ব্যাটারির মালিক তাসভীর উল ইসলাম তা ক্রয় করেন।
এদিকে রবিবার নকশা জালিয়াতির মামলায় গ্রেফতার হওয়া কাসেম ড্রাইসেলের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা তাসভীর উল ইসলামকে জামিন দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ জামিনে মুক্তির এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন রবিবার তাসভীরকে গ্রেফতার পর গতকাল আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. আবু বকর সিদ্দিক।
