গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ আরো দুই জনের মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২৩:৫৬

গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন কাথরা মণ্ডলবাড়ি এলাকার একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তারা মারা যান। নিহতরা হলেন—কাথরা এলাকার ইয়াকুব আলী মণ্ডল ও তার শ্বশুর নূরুল হক ওরফে নূর মোহাম্মদ। এর আগে ঘটনার দিন শনিবার ইয়াকুব আলী মণ্ডলের স্ত্রী আকলিমা খাতুন (৫০) চিকিত্সাধীন অবস্থায় মারা যান। সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর এ ঘটনায় তিন জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার ভোরে কাথরা মণ্ডলবাড়ি এলাকায় ইয়াকুব আলী মণ্ডলের বাড়িতে গ্যাসলাইনের পাইপ লিকেজ হয়ে ঘরের ভেতর গ্যাস ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিকট শব্দে বিস্ফোরণ হলে ঘরে আগুন ধরে যায়। এসময় ঘরে থাকা ইয়াকুব আলী মণ্ডল, আকলিমা খাতুন ও নূরুল হক দগ্ধ হন। এছাড়া ইয়াকুব আলী মণ্ডলের ছেলে স্বপন আহত হয়। পরে স্থানীয়রা দগ্ধ তিন জনেক উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওইদিন রাতেই চিকিত্সাধীন অবস্থায় আকলিমা খাতুন মারা যান।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শনিবার তিন জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মো. নূরুল হক ওরফে নূর মোহাম্মদ ২৫ শতাংশ, ইয়াকুব আলী মণ্ডল ১০০ শতাংশ ও আকলিমা খাতুনের শরীর ৯৫ শতাংশ পুড়ে যায়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া খান জানান, গ্যাসলাইনের পাইপ লিকেজ হয়ে ঘরের ভেতর গ্যাস ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, ওই সময় কেউ আগুন জ্বালায় অথবা বিদ্যুতের সুইচ চালু করায় শর্ট সার্কিট থেকে আগুন ধরে।