প্রায় পৌনে ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম রাজখান ও তার স্ত্রী ফিরোজা খানমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার কমিশনের উপপরিচালক মোশারফ হোসেইন মৃধা বাদী হয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কমিশন সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম রাজখান ও তার স্ত্রী ফিরোজা খানমের বিরুদ্ধে ২০১৭ সালে অনুসন্ধানে নামে। এর ধারাবাহিকতায় ২০১৭ সালের ৪ জুলাই তাদেরকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ করা হয়। ঐ নোটিশের পরিপ্রেক্ষিতে তারা ঐ বছরের ৪ আগস্ট কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেন। কমিশন তাদের বিবরণী পর্যালোচনা এবং অনুসন্ধান করে প্রমাণ পায় যে আসামি মফিজুল ইসলাম রাজখান চাকরিকালীন ৩ কোটি ৭০ লাখ ৬৪১ টাকা দুর্নীতির মাধ্যমে অর্জন করে তার স্ত্রীর নামে সম্পদ ক্রয় করেন। ঐ সম্পদের মধ্যে আসামিরা ৮৭ লাখ ৯১ হাজার ৪৬৯ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। যা দুদক আইন-২০০৪ এর ২৬(২) ও ২৭(১) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
