প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন ডাকসু ভিপি নুর

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২৩:৫৮

কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে মোট আটবার ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর। তাকে হত্যার উদ্দেশ্যেই এসব হামলা হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিরাপত্তা চেয়েছেন তিনি। একই সঙ্গে এসব হামলায় জড়িতদের বিচারের জন্যও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ডাকসু ভিপি। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন তিনি।

এর আগে গত ১৪ আগস্ট বুধবার পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদের দ্বারা হামলার শিকার হন ভিপি নুর। এ সময় নুর ছাড়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বেশ কয়েক জন নেতা আহত হন। পরে পুলিশ গিয়ে সেখান থেকে নুরকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সংবাদ সম্মেলনে নুর তার ওপর হামলাকারীদের বিচারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, ‘বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীদের অযথা হয়রানি বন্ধ করুন এবং যারা হামলার সঙ্গে জড়িত তাদের অতি দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার নির্দেশ দিন। কারণ অন্যায়ভাবে কাউকে হয়রানি করে তার মুখ বন্ধ রাখা যায় না।’

গত ১৪ আগস্টের ঘটনার দিন হামলার আশঙ্কায় গলাচিপা পুলিশের সহযোগিতা চাইলেও ওসি তাকে কোনো ধরনের সহযোগিতা করেনি বলে অভিযোগ করেন। তিনি বলেন, ‘পুলিশের উপস্থিতিতেই সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায় এবং পুলিশও আমার আত্মীয়-সমর্থকদের গ্রেফতারের হুমকিও দেয়। প্রকাশ্যে হামলার ঘটনা ঘটলেও ওসি তা অস্বীকার করেন। এমতাবস্থায় আমি আমার প্রাণনাশের শঙ্কাবোধ করছি।’ ক্ষমতাসীন দলের নেতা ছাড়াও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকদের কাছ থেকেও প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হচ্ছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি।