ফেসবুকে বন্ধ হচ্ছে সরাসরি বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক বাড়ানোর সুযোগ!

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৯

ফেসবুক পেইজের লাইক ও ফলোয়ার বাড়ানোর জন্য সরাসরি বিজ্ঞাপন দেওয়ার সুবিধা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত সপ্তাহ থেকে অনেক ব্যবহারকারীর বিজ্ঞাপন ব্যবস্থাপনায় ‘পেইজ লাইক’ লক্ষ্যটি দেখা গেলেও সেটি বেছে নিয়ে বিজ্ঞাপন চালানোর সুযোগ আর থাকছে না। 

এর বদলে স্বয়ংক্রিয়ভাবে ‘Maximize number of Facebook Page visits’ নামে একটি পারফরম্যান্স লক্ষ্য নির্বাচন করা হচ্ছে। অর্থাৎ সরাসরি পেইজে লাইক বা ফলোয়ার বাড়ানোর বদলে বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবহারকারীদের পেইজে প্রবেশ করানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন তৈরির সময় সংশ্লিষ্ট অংশে এখন স্পষ্টভাবে জানানো হচ্ছে Page likes performance goal is no longer available। একই সঙ্গে পেইজের লাইক বা ফলোয়ার বাড়াতে Maximize number of Facebook Page visits পারফরম্যান্স টার্গেটটি স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

তবে, ফেসবুক বা এর মূল প্রতিষ্ঠান মেটা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি যে ‘পেইজ লাইকস’ বিজ্ঞাপন সুবিধা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এটি স্থায়ী পরিবর্তন, ধাপে ধাপে নতুন ব্যবস্থা চালু করার অংশ, নাকি কোনো কারিগরি সমস্যার কারণে এমনটি হচ্ছে- তা এখনো নিশ্চিত নয়।

সব অ্যাকাউন্টে কি একই পরিবর্তন?
বিভিন্ন দেশের বিজ্ঞাপনদাতা ও ডিজিটাল মার্কেটিংকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নিজেদের অভিজ্ঞতা জানাচ্ছেন। কেউ কেউ বলছেন, তাদের অ্যাকাউন্টে ‘পেইজ লাইক’ অপশনটি আর কাজ করছে না। আবার কিছু ব্যবহারকারীর অ্যাকাউন্টে আগের সুবিধাটি এখনো দেখা যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই কাজ করছে। এ কারণে পরিবর্তনটি সব অ্যাকাউন্টে একই সময়ে কার্যকর হয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়।

আগে পেইজের লাইক বাড়ানোর জন্য বিজ্ঞাপন তৈরির সময় ‘পেইজ লাইকস’ পারফরম্যান্স লক্ষ্য বেছে নেওয়া যেত। এখন অনেক অ্যাকাউন্টে সেটির পরিবর্তে ‘ম্যাক্সিমাইজ নাম্বার অব ফেসবুক পেইজ ভিজিটস’ দেখানো হচ্ছে। 

নতুন পদ্ধতিতে কীভাবে কাজ করবে?

নতুন ব্যবস্থায় বিজ্ঞাপন দেখার পর ব্যবহারকারীকে সরাসরি সংশ্লিষ্ট ফেসবুক পেইজে নিয়ে যাওয়া হবে। এরপর পেইজের কনটেন্ট তাঁর ভালো লাগলে নিজের আগ্রহ থেকেই সেটি লাইক বা ফলো করতে পারবেন।

ইনস্টাগ্রামেও একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। সেখানেও ব্যবহারকারীদের সরাসরি নির্দিষ্ট অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার লক্ষ্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে মেটার এই পরিবর্তন সম্পর্কে এখনো নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর মতো পর্যাপ্ত তথ্য নেই। বিভিন্ন বিজ্ঞাপনদাতার পাওয়া অভিজ্ঞতাও এক নয়। কারও অ্যাকাউন্টে আগের ‘পেইজ লাইক’ লক্ষ্যটি অকার্যকর হয়ে গেছে, আবার কারও অ্যাকাউন্টে সেটি এখনো চালু রয়েছে।

তাই এ কারণে আপাতত নিশ্চিত করে বলা যাচ্ছে না যে মেটা সব ব্যবহারকারীর জন্য পেইজ লাইক বাড়ানোর বিজ্ঞাপন স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। বরং এখন পর্যন্ত যে চিত্র পাওয়া যাচ্ছে, তাতে কিছু অ্যাকাউন্টে পুরোনো লক্ষ্যটি সরিয়ে বা অকার্যকর করে পেইজে দর্শক আনার নতুন লক্ষ্য চালু করা হয়েছে।

পেইজ পরিচালকদের কী করতে হবে?
পরিবর্তনটি শেষ পর্যন্ত স্থায়ী হলে পেইজের লাইক ও ফলোয়ার বাড়ানোর কৌশলেও পরিবর্তন আনতে হবে। বিজ্ঞাপনের মাধ্যমে সরাসরি লাইক সংগ্রহের ওপর নির্ভরতা কমিয়ে পেইজের মানসম্মত কনটেন্ট তৈরি এবং ব্যবহারকারীদের মধ্যে স্বাভাবিক আগ্রহ তৈরি করার দিকে বেশি নজর দিতে হবে।

কোনো পোস্ট ভালো সাড়া পেলে সেই পোস্টে প্রতিক্রিয়া জানানো ব্যবহারকারীদের পেইজটি ফলো করার জন্য আমন্ত্রণ পাঠানো যেতে পারে। এর পাশাপাশি বিজ্ঞাপনের মাধ্যমে সম্ভাব্য গ্রাহকের তথ্য সংগ্রহ, ওয়েবসাইটে দর্শক নিয়ে যাওয়া কিংবা সরাসরি বিক্রি বাড়ানোর মতো বিভিন্ন লক্ষ্যও ব্যবহার করা সম্ভব।

সব মিলিয়ে ফেসবুকের বিজ্ঞাপন ব্যবস্থাপনায় সাম্প্রতিক এই পরিবর্তনটি স্থায়ী সিদ্ধান্ত, পরীক্ষামূলক পদক্ষেপ নাকি ধাপে ধাপে চালু করা নতুন কোনো ব্যবস্থার অংশ—মেটার আনুষ্ঠানিক বক্তব্য না আসা পর্যন্ত তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

ইত্তেফাক/এমএসআর