২ থেকে ৩ হাজার টাকায় পাওয়া যাবে স্মার্টফোন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪২

সাধারণ মানুষের কাছে স্মার্টফোন সহজলভ্য করতে এর দাম ২ থেকে ৩ হাজার টাকায় নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় ৫০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে জানিয়ে মাহদী আমিন বলেন, এর মাধ্যমে প্রতিবছর ৫ হাজার তরুণকে জামানতবিহীন ঋণ দেওয়া হবে। ফ্রিল্যান্সারদের জন্য আইটি পার্ক ও মাস্টারপ্ল্যান গ্রহণ করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য সব গ্রেডে অভিন্ন বয়সসীমা ও বেতন কাঠামো অনুমোদন করা হয়েছে। এতে সর্বনিম্ন বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা খাতের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। উচ্চশিক্ষায় শীর্ষ ৫ শতাংশ মেধাবী শিক্ষার্থীকে শতভাগ সরকারি শিক্ষাবৃত্তি ও এসএসসি পরীক্ষায় শীর্ষ মেধাবীদের বিনা মূল্যে ল্যাপটপ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে বিনা মূল্যে সুষম খাবার সরবরাহের রূপরেখা প্রণয়ন করা হয়েছে। এ ছাড়া শিক্ষক দিবস উপলক্ষে সেরা ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাহদী আমিন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী ৭৪ জন শহীদের পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রবাসী আয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও গত ৬ মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ১৩.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে (প্রায় ১ হাজার ৮৯৪ কোটি ডলার)। সম্পূর্ণ বিনা মূল্যে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি এবং বন্যাদুর্গত নেপালে ১ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।

ইত্তেফাক/এমএসআর