জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের ভুলের জন্য ১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন সুযোগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এসব শিক্ষক-কর্মচারীর বকেয়া বেতন ও বোনাস পরিশোধের সুযোগ তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্যানেলে আগস্ট-২০২৫ থেকে জুন-২০২৬ পর্যন্ত বেতন-বোনাস জমা দেওয়ার অপশন যুক্ত করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনআইডির তথ্যের ভুলের কারণে আগস্ট-২০২৫ থেকে জুন-২০২৬-এর মধ্যে এক বা একাধিক মাসের বেতন বা বোনাস পাননি-এমন শিক্ষক-কর্মচারীদের জন্য সংশ্লিষ্ট মাসের বেতন বা বোনাস সাবমিট করার অপশন প্রতিষ্ঠানের প্যানেলে যুক্ত করা হয়েছে।
এতে বলা হয়, যথাসময়ে বিল সাবমিট করার পর ব্যাংকের তথ্যের ভুলের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিওর অর্থ ব্যাংকে জমা না হয়ে ফেরত এলে, অর্থাৎ বাউন্স ব্যাক হলে, সেটি বকেয়া হিসেবে বিল সাবমিট করার প্রয়োজন বা সুযোগ নেই। ‘EFT salary Bounce’ অপশনে নাম যুক্ত হওয়ার পর সঠিক তথ্য দেওয়া হলে বাউন্স ব্যাক হওয়া অর্থ আবার পাঠানো হবে।
মাউশির নির্দেশনা অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে সেপ্টেম্বর-২০২৬ মাসের এমপিও বিল সাবমিট করতে হবে। একই সময়ের মধ্যে প্রতিষ্ঠানের প্যানেলে যুক্ত আগস্ট-২০২৫ থেকে জুন-২০২৬ পর্যন্ত বকেয়া মাসগুলোর বিলও মাসওয়ারি সাবমিট করতে বলা হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে মাউশি।

