স্মার্ট চশমা ‘স্পেকস’ নিয়ে নতুন করে প্রচারে স্ন্যাপ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫

দুই হাজার ২০০ মার্কিন ডলারের স্মার্ট চশমা ‘স্পেকস’ নিয়ে স্ন্যাপ আবারও আলোচনায় এসেছে। এই বছরের শুরুতে চশমাটি উন্মোচনের পর এর দাম ও নকশা নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা হয়। এবার এই চশমাটিকে আরও কার্যকর করে তুলতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিনোদন ও ব্যবসায়ীক ব্যবহারের নানা সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে স্ন্যাপ। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইয়াহু ফিন্যান্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এসব সুবিধা তুলে ধরেন স্ন্যাপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইভান স্পিগেল। কোম্পানিটির লক্ষ্য, শুধু স্মার্ট চশমা হিসেবে নয়, দৈনন্দিন বিভিন্ন ডিজিটাল কাজের অংশ হিসেবে স্পেকসকে ব্যবহারযোগ্য করে তোলা।

নতুন সুবিধাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ‘স্পেকস ইন্টেলিজেন্স’। স্ন্যাপের ভাষায় এটি একটি ‘অ্যান্টিসিপেটরি এআই’ ব্যবস্থা, যা ব্যবহারকারীর বিভিন্ন ডিভাইস ও অ্যাপের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে। আইফোন ও ম্যাকের মতো ডিভাইসের পাশাপাশি ব্যবহারকারীর অনুমোদিত বিভিন্ন অ্যাপ ও টুল থেকে তথ্য নিয়ে তাদের কাজ, অগ্রাধিকার, সম্পর্ক ও দৈনন্দিন অভ্যাস সম্পর্কে ধারণা তৈরি করার দাবি করেছে স্ন্যাপ।

স্ন্যাপের সিইও ইভান স্পিগেল এটিকে ‘এআই নেটিভ অপারেটিং সিস্টেম’ হিসেবে বর্ণনা করেছেন। পাশাপাশি বিভিন্ন কাজ ও তথ্যের মধ্যে সম্পর্ক তৈরি করে ব্যবহারকারীকে প্রয়োজনীয় কাজে মনোযোগ দিতে সহায়তা করবে এই ব্যবস্থা বলে দাবি করেন তিনি। তবে বাস্তবে এটি অনেকটা এআইনির্ভর উৎপাদনশীলতা (প্রোডাক্টিভিটি) অ্যাপের মতো কাজ করবে, যা স্মার্ট চশমার পাশাপাশি অন্যান্য ডিভাইস থেকেও ব্যবহার করা যাবে।

বিনোদনের জন্যও যুক্ত হচ্ছে নতুন সুবিধা। এখন স্পেকসের সঙ্গে এইচবিও ম্যাক্স ও স্পটিফাই যুক্ত করা যাবে। ফলে চশমার মাধ্যমে ভিডিও ও সংগীতের মতো বিনোদনমূলক কনটেন্ট ব্যবহারের সুযোগ তৈরি হবে।

ব্যবসায়িক ব্যবহার বাড়াতে ‘স্পেকস ফর এন্টারপ্রাইজ’ নামে নতুন একটি কর্মসূচিও চালু করেছে স্ন্যাপ। এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের ব্যবস্থার সঙ্গে স্মার্ট চশমাটি যুক্ত করা যাবে। এ উদ্যোগে অ্যামাজন, সেলসফোর্স ও এনভিডিয়ার মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের কথা জানিয়েছে স্ন্যাপ।

কোম্পানির প্রচারিত একটি প্রদর্শনীতে প্রযুক্তি সহায়তাকর্মীকে যন্ত্রপাতি মেরামতের সময় স্পেকস ব্যবহার করতে দেখা গেছে। 

এদিকে কর্মীদের ব্যবহারের জন্য মোবাইল ডিভাইস ব্যবস্থাপনা, নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং বিভিন্ন দলের মধ্যে ডিভাইস ব্যবস্থাপনার সুবিধা তৈরির কাজ করছে বলে জানিয়েছে স্ন্যাপ।

খেলাধুলার ক্ষেত্রেও স্ন্যাপ নতুন অভিজ্ঞতা যুক্ত করছে। এনবিএ ও ডব্লিউএনবিএর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে তৈরি একটি এআর অ্যাপের সাহায্যে বাস্কেটবল অনুশীলন ও শট উন্নত করার সুবিধা থাকবে। চশমার অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীর খেলার অভিজ্ঞতা বিশ্লেষণ ও উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

এদিকে ওয়াই-ফাইয়ের বাইরে স্পেকস ব্যবহারের জন্য নতুন সংযোগ-সুবিধাও ঘোষণা করেছে স্ন্যাপ। আলাদাভাবে বিক্রি করা এই প্যাকেজে বিল্ট-ইন সেলুলার সংযোগসহ একটি চার্জিং কেস থাকবে। ভেরাইজনের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে দেওয়া এই সুবিধার জন্য ভেরাইজন গ্রাহকদের মাসে ১০ ডলার এবং অন্য গ্রাহকদের মাসে ২০ ডলার দিতে হবে।

স্পেকসকে ব্যয়বহুল একটি কম্পিউটার হিসেবেই তুলে ধরছে স্ন্যাপ। ইভান স্পিগেলের ভাষায়, এটি এমন একটি কম্পিউটার, যা ব্যবহারকারীর মুখে পরা যায়। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভার্চ্যুয়াল জগতের কারণে প্রযুক্তির ব্যবহার দ্রুত বদলে গেলেও কম্পিউটারের উদ্দেশ্য হওয়া উচিত মানুষকে আরও কার্যকর করে তোলা।

জানা যায়, চশমাটির দাম ২ হাজার ২০০ ডলার হওয়ায় সাধারণ ব্যবহারকারীদের মধ্যে এটি কতটা গ্রহণযোগ্য হবে, তা এখনো স্পষ্ট নয়। 

পাশাপাশি আগামী অক্টোবরে লস অ্যাঞ্জেলেসে স্পেকসের জন্য একটি অস্থায়ী প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র চালু করা হবে। এরপর শরত কালের শেষদিকে চশমাটি বাজারে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে স্ন্যাপ।

 

 

ইত্তেফাক/এনটিএম