প্রথম জিম্বাবুইয়ান হিসেবে আইসিসির ডেপুটি চেয়ারম্যান হলেন মুকুহলানি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৭

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন ডেপুটি চেয়ারম্যান হলেন জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেংওয়া মুকুহলানি। আগামী ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন তিনি। প্রথম জিম্বাবুইয়ান হিসেবে আইসিসি-র ডেপুটি চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জন করলেন মুকুহলানি।

বর্তমানে আইসিসি-র অর্থ ও বাণিজ্যিক বিষয়ক এবং মনোনয়ন কমিটির সদস্য হিসেবে নিয়োজিত আছেন মুকুহলানি। এছাড়া তিনি মানবসম্পদ ও পারিশ্রমিক কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।

মুকুহলানিকে অভিনন্দন জানিয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘আইসিসি-র ডেপুটি চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ায় আমি তাভেংওয়া মুকুহলানিকে আন্তরিক অভিনন্দন জানাই। ক্রিকেট প্রশাসনে তার অভিজ্ঞতা, বৈশ্বিক খেলা সম্পর্কে তার স্পষ্ট ধারণা এবং এর উন্নয়নের প্রতি তার অঙ্গীকার আইসিসি বোর্ডের জন্য অত্যন্ত মূল্যবান হবে।’

এ দিকে কৃতজ্ঞতা প্রকাশ করে তাভেংওয়া মুকুহলানি বলেন, ‘আইসিসি বোর্ডের সকল পরিচালকদের এই আস্থার জন্য আমি গভীরভাবে সম্মানিত এবং ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘অলিম্পিক গেমসে ফিরে আসার মধ্য দিয়ে ক্রিকেট একটি নতুন ও রোমাঞ্চকর যুগে প্রবেশ করছে। আমাদের চেয়ারম্যান এবং বোর্ড পরিচালকদের সঙ্গে নিয়ে ক্রিকেটের যৌথ অগ্রাধিকার নিশ্চিত করা এবং বৈশ্বিক ক্রিকেটের স্বার্থে কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’

ইত্তেফাক/জেডএইচ