নাইক্ষ্যংছড়িতে গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৯

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাফর আলম বাবুল (৪৯) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাইশারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছাধঅং পাড়া এলাকার একটি বৌদ্ধ বিহারের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জাফর আলম বাবুল লম্বাবিল এলাকার ওসমান গনির ছেলে। এ ঘটনায় সন্দেহজনকভাবে একজনকে আটক করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা এখনও নিশ্চিত হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে বাড়ি থেকে বের হন জাফর আলম বাবুল। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা ছাধঅং পাড়া বৌদ্ধ বিহারের সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের এসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বৌদ্ধ বিহারের ভেতরে এক ব্যক্তি অবস্থান করছিলেন। পরে তাকে সন্দেহজনক হিসেবে আটক করা হয়। তবে হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর টহল রয়েছে।

পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ এ ঘটনায় আইনগত ও তদন্তমূলক কার্যক্রম চলমান রয়েছে।

ইত্তেফাক/এপি